মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কামারদা গ্রামের আব্দুল আলীর ছেলে মাসুম মোল্লা এবং একই ইউনিয়নের খালকোলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে সাবিত মোল্লা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। ঘটনার সময় কনস্টেবল মো. আসাদ দায়িত্ব পালনকালে একটি দাঁড়িয়ে থাকা ইজিবাইক সরিয়ে নিতে বলেন। এ সময় তিনি হাতে থাকা লাঠি দিয়ে ইজিবাইকের পেছনে হালকা আঘাত করে চালককে সরে যেতে নির্দেশ দেন। এতে ইজিবাইকের যাত্রী মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লা ক্ষিপ্ত হয়ে অটো থেকে নেমে এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেন। এক পর্যায়ে তার পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন । ঘটনার পরপরই উপস্থিত পুলিশ সদস্যরা মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, ১ নম্বর রেলগেট এলাকায় যানজট নিরসনে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্য ইজিবাইক সরাতে বললে যাত্রী নেমে এসে তাকে মারধর করে এবং ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

