জয়পুরহাট প্রতিনিধি:
মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতকরণের দাবিতে জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হেযবুত তওহীদের নেতৃবৃন্দ ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
এতে তারা দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ করেন। তারা দাবি করেন, ভিন্নমত পোষণকারীদের প্রতি সহনশীলতা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে।
সভায় আরও বলা হয়, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা না গেলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে। এ ক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার শেষাংশে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

