সত্যজিৎ দাস:
মৌলভীবাজারে বিজিবির কঠোর নজরদারিতে অবৈধ মালামাল জব্দ মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে অভিযান আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাহিনীটি।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, ভারত থেকে ফেরা বিকি সাহা নামে এক যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
গত ২১ এপ্রিল দেশে ফেরার সময় তার সঙ্গে অনুমোদিত সীমার বাইরে কসমেটিক্স, জিরা, বিভিন্ন খাদ্যপণ্য ও মোবাইল ফোন পাওয়া যায়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়,এসব পণ্য সরকারি শুল্ক পরিহার করে আনা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী মালামাল জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন,সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। কেউ অবৈধভাবে বা অতিরিক্ত পণ্য আনার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমবার সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও তার মালামাল জব্দ করা হয়েছে।
চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা জানান,বিজিবি জব্দকৃত পণ্য তাদের কাছে হস্তান্তর করেছে এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে,একই দিনে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪,৬০৮ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা। বিজিবি সূত্র জানায়,টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সিগারেটগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়,শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধীনে প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাদক, অবৈধ পণ্য ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে,সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

