আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ২ জন শিক্ষককে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল বেলায় উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্র পরিদর্শনে গিয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিশেষ ভিজিল্যান্স টিম এ অনিয়ম শনাক্ত করে।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই বোর্ডের একটি বিশেষ টিম আকস্মিকভাবে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় পরীক্ষার হলে নকল করার সময় ৮ জন পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। পরে তাদের তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
একই সময় পরীক্ষার হলে দায়িত্ব পালনরত শিক্ষক শিরিন আক্তার ও শংকর চন্দ্র হালদারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৪ জন বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের এবং বাকি ৪ জন পাশের বাকেরগঞ্জ উপজেলার কাকড়দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব।
পরিদর্শনকারী টিমের সদস্য, বরিশাল বিএম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান জানান, পরীক্ষার্থীদের খাতায় ট্রু-ফলস, রি-অ্যারেঞ্জ ও ম্যাচিং অংশের উত্তর আগে থেকেই লেখা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব উত্তর বাইরে থেকে সরবরাহ করা হয়েছে। এ ধরনের গুরুতর অনিয়মের কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বরত শিক্ষকদের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও কালিশুরী এসএ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী বলেন, “নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ২ জন শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

