মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে হাসপাতালের পাশেই গড়ে উঠেছে বিশাল এক ময়লার ভাগাড়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী, স্বজন ও পথচারীরা।
উপজেলার মধুমতী ও খয়াজআলী মেম্বারের মার্কেটের সামনে সরকারি জায়গায় এই ময়লার স্তূপ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে ময়লা পরিষ্কার করলেও অল্প সময়ের মধ্যেই আবার সেখানে আবর্জনা জমে বড় ভাগাড়ে পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনই এখানে বিভিন্ন স্থান থেকে ময়লা এনে ফেলা হচ্ছে। ফলে দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হয়ে উঠেছে। বিশেষ করে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে এমন অবস্থা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অনেকেই নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে চরম অস্বস্তির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে মধুমতী হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। কিন্তু পাশেই ময়লার ভাগাড় থাকায় আমাদের সব প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”
সড়কে চলাচলরত পথচারী আলী নুর বলেন, “এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। এত দুর্গন্ধ যে নাক চেপে যেতে হয়। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যাতে করে হাসপাতালের আশপাশের পরিবেশ স্বাভাবিক রাখা যায়।”
স্থানীয়দের দাবি, স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ করে স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হোক।

