যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজ চলাকালে বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ভাষ্যকার সন্দেহভাজনের নাম প্রকাশ করলেও তা এখনো নিশ্চিত নয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা যায়। অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন।
মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দ শোনার পর তাকে দ্রুত হলরুম থেকে সরিয়ে নেওয়া হয় এবং সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয়।
এ ঘটনায় ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন বলে জানা গেছে।


