ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর শুরুর আগে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি ‘সম্মানজনক’ প্রস্থানের পথ খুঁজছে। আজ শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মন্তব্য করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম ইসনা (আইএসএনএ) বলেছে, বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এ চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। যেখানে তারা আটকা পড়েছে।
ওদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সকালে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ খবর জানান।
ট্রাম্প ফক্স নিউজকে বলেন, আমার প্রতিনিধি যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিছুক্ষণ আগে আমি তাদের বললাম, না, আপনাদের সেখানে যাওয়ার জন্য ১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট ধরার দরকার নেই।
সব কার্ড এখন আমাদের হাতে। তারা যখন খুশি আমাদের কল করতে পারে। কিন্তু স্রেফ অর্থহীন আলোচনা করার জন্য আপনারা আর ১৮ ঘণ্টা উড়ে সেখানে যাবেন না।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তান সফরে যাচ্ছেন।
ইরানিরা সরাসরি কথা বলতে চায় এবং মার্কিন প্রেসিডেন্ট কূটনীতিকে একটি সুযোগ দিতে চান।
ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার জন্য মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করছে, গতকাল লেভিট এমন দাবি করলেও তেহরান তা অস্বীকার করেছে। তারা বলেছে, আপাতত তাদের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্ব ইরানের একটি প্রতিনিধি দল গতকাল রাতে ইসলামাবাদ আসেন। তারা আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠক করে ইসলামাবাদ ত্যাগ করেন।
বৈঠকে তারা সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইরানের নীতিগত অবস্থান ও আপত্তি পাকিস্তানের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন।
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার পর আজ শনিবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
প্রথম দফায় সৌদি আরবের মদিনা, মাসকাট ও ইস্তাম্বুলের উদ্দেশে ফ্লাইট ছেড়ে গেছে। দীর্ঘ সময় আকাশপথ বন্ধ থাকার পর বিমান চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
যদিও হোয়াইট হাউসে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ালেও দক্ষিণ লেবাননে সংঘাত থামার লক্ষণ নেই।
শনিবারও ইসরায়েলি হামলায় সেখানে চারজন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী লেবাননের বাসিন্দাদের লিটানি নদীর দিকে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি রেখেছে।
সূত্র: জিও নিউজ, আল-জাজিরা ও ফক্স নিউজ

