আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের ভেতরে থাকা দুর্নীতির মূল কারণগুলো চিহ্নিত করে তা নির্মূল করতে সরকার কাজ করছে।
শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও সেখানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে সব ধরনের অনিয়মের উৎস খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রস্তাবিত নীতিমালা ও সংস্কার বিষয়গুলো যাচাই-বাছাই শেষে সংসদে উত্থাপন করা হবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

