সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারে আগামী ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্দিষ্ট সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন, বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা আয়োজন এবং প্রযুক্তিনির্ভর প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ তৌহিদুজ্জামান পাভেল তার বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞান ছাড়া আধুনিক বিশ্বে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, মৌলভীবাজারের শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী হয়ে ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখুক।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। মেলায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং তাদের উদ্ভাবনী কাজ প্রদর্শনের সুযোগ পাবে।
প্রস্তুতি সভায় মেলার তারিখ ও স্থান নির্ধারণ, স্টল ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, বিচারক প্যানেল গঠনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন,এ বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াবে এবং প্রযুক্তিমুখী নতুন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

