সত্যজিৎ দাস:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধী গ্রেফতারে সংস্থাটির তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি সহিংসতা প্রতিরোধ করে একটি নিরাপদ সমাজ গঠনে র্যাবের সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলার ঘটনায় র্যাব একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। জানা যায়, ভুক্তভোগী লুৎফর রহমান শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি। বিভিন্ন সভা-সমাবেশে মাদকবিরোধী বক্তব্য দেওয়ার কারণে একটি চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল।
গত ১২ এপ্রিল ২০২৬,সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সিন্দুরখান সড়কের শাপলাবাগ রেলওয়ে ক্রসিং এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে আহত লুৎফর রহমানকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় তার মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের চন্ডীপুর চৌরাস্তা এলাকায় র্যাব-৯ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশেদ মিয়া (২৬) শ্রীমঙ্গলের শাপলাবাগ রেলগেট এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

