জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ায় জটিলতা ও ধীরগতির সমস্যা সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান লিখেছেন, বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতা ও নানা জটিলতার মুখে পড়ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের এই গুরুত্বপূর্ণ সমস্যার দিকে জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকে। আর তাদের কষ্ট বাড়লে তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ে। প্রবাসীদের প্রতি তিনি দোয়া, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।
তার এই পোস্টের নিচে অনেকে মন্তব্য করে প্রবাসীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। কেউ কেউ জানান, পুরোনো পাসপোর্ট ব্যবহার করে দ্রুত নতুন পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা করলে সমস্যা অনেকটাই কমে আসতে পারে। আবার অনেকে দূতাবাসগুলোতে জনবল সংকট, অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ও সিস্টেমগত সমস্যার কথা উল্লেখ করেন।
প্রবাসীদের মতে, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইতালিসহ বিভিন্ন দেশে পাসপোর্ট নবায়নে দীর্ঘ সময় লাগছে, যা ভিসা, চাকরি ও যাতায়াতসহ নানা ক্ষেত্রে জটিলতা তৈরি করছে।
মন্তব্যকারীরা সরকারকে ই-পাসপোর্ট সেবা আরও সহজ ও বিকেন্দ্রীকরণের পাশাপাশি জরুরি ক্ষেত্রে দ্রুত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

