পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ব্যবসায় প্রশাসন অনুষদের নিজস্ব ক্লাব, বিজনেস ক্লাবের নতুন কমিটির ঘোষণা দেন ক্লাবের চিফ মডারেটর ও প্রেসিডেন্ট। নতুন কমিটিতে চিফ মডারেটর হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্ট্মেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হাছান উদ্দিন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মার্কেটিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্ট্মেন্টের শিক্ষার্থী আরমান বিন আওলাদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ২০২১-২২ সেশনের একই অনুষদের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী তালহা রশিদ আদর।
ব্যবসায় প্রশাসন অনুষদে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত কমিটি ও দায়িত্ব হস্তান্তর করেন চিফ মডারেটর অধ্যাপক ড. মোঃ হাছান উদ্দিন এবং ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আফজাল হোসেন ।
নতুন কমিটির বিভিন্ন উইং অনুযায়ী প্রতিনিধিদের নামও ঘোষণা করা হয়েছে। “এডমিন ও ম্যানেজমেন্ট” বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত মজুমদার এবং সহ-প্রতিনিধি হিসেবে রয়েছেন মোঃ শাহে আলম জিসান ও মোঃ মোফাসসেরুল হক তন্ময়। “অ্যাডভার্টাইজিং ও প্রমোশন” বিভাগের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাসনিম ওয়াজিদ দোলা এবং সহ-প্রতিনিধি হিসেবে আছেন আনাস ও তানভীরুল আলম। “কম্পিটিশন ও ইনোভেশন” বিভাগের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বিন সালাম। সহ-প্রতিনিধি হিসেবে রয়েছেন সাইফুল আলম অভি এবং আরিয়া আফরোজ। “ল্যাঙ্গুয়েজ ও কালচার” বিভাগের প্রতিনিধি ইসরাত জাহান নাফিসা এবং সহ-প্রতিনিধি হিসেবে আছেন অনিন্দ ঘোষ ও মোঃ মাহিন।
এছাড়াও “পার্টনারশিপ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স” বিভাগের প্রতিনিধি হিসেবে রয়েছেন রতন ঘোষ এবং সহ-প্রতিনিধি হিসেবে আছেন ঈপ্সিতা সাবরিন তিতলী ও মোঃ বোরহান কবির লাবু। “পাবলিক রিলেশন ও ডকুমেন্টেশন” বিভাগের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মরিয়ম নেসা ঐশী এবং সহ-প্রতিনিধি হিসেবে রয়েছেন মোঃ ওমর ফয়সাল ও শিহাব পারভেজ রাজা। “ওয়ার্কশপ ও ট্রেনিং” বিভাগের প্রতিনিধি হিসেবে রয়েছেন মোঃ নাজমুস সাকিব এবং সহ-প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন কথা ঘোষ ও তাবরিজ আল আমিন। এছাড়াও ক্লাবের কার্যক্রমে সহায়তার জন্য নির্বাচিত করা হয়েছে একাধিক স্বেচ্ছাসেবক সদস্য।
বিজনেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক তালহা রশিদ আদরকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,“আমরা দেখতে পাচ্ছি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবগুলো জাতীয় পর্যায়েও দৃষ্টান্ত স্থাপন করছে। আমাদের লক্ষ্য—একটি উদ্ভাবনী, শিক্ষাবান্ধব এবং নেতৃত্বগুণে সমৃদ্ধ ক্লাব গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা কেবল প্রোগ্রামের অংশ নয়, বরং নতুন চিন্তা, নেতৃত্ব ও ক্যারিয়ার গঠনের সুযোগ পাবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরমান বিন আওলাদ বলেন,“এই দায়িত্ব আমার জন্যে একটি গর্বের ও শিক্ষার্থীদের জন্য কাজ করার এক দারুণ সুযোগ। শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ, যাঁদের আস্থায় এই দায়িত্ব পেয়েছি। আমরা চাই, বিজনেস ক্লাব হোক এমন একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে। ক্লাবকে আমরা পেশাগত দক্ষতা অর্জনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই।”
সভাপতি অধ্যাপক ড. আফজাল হোসেন বলেন, “বিজনেস ক্লাব ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সংগঠন। এ ক্লাবের লক্ষ্য হলো অত্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থীদের মধ্যে লিডারশীপ, স্কিল ডেভেলপমেন্ট এবং কর্পোরেট নেটওয়ার্কিং তৈরি করা। তাই প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ক্লাবের মাধ্যমে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে যার মধ্যে সেমিনার, ওয়ার্কশপ, ব্রিলিয়ান্স বিকন এওয়ার্ড প্রদান উল্লেখযোগ্য। ক্লাবের দায়িত্ব নেওয়ার পর পরই আমরা ইতোমধ্যে ‘এমএনসি রিক্রুটমেন্ট প্রসেস’ এর উপর একটি ওয়ার্কশপের আয়োজন করি। গত ১৯ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে উক্ত ক্লাবের নতুন এক্সিকিউটিভ কমিটি গঠনের ঠিক দুই দিন পরেই প্রথম এক্সিকিউটিভ মিটিং-এর আয়োজন করা হয়। তাছাড়া আগামী ৩০ তারিখে একটি ‘মেগা কুইজ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ক্লাবের উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন ভিন্নধর্মী প্রোগ্রাম যেমন-কেইস কম্পিটিশন, কর্পোরেট নেটওয়ার্কিং এমনকি জব ফেয়ার আয়োজন করার পরিকল্পনা গ্রহন করেছি। আশা করছি, ক্লাবের বিভিন্ন ধরণের প্রোগ্রামের মাধ্যমে বিবিএ শিক্ষার্থীরা তাদের থিউরিটিক্যাল নলেজকে প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে সমন্বয় করতে পারবেন।”
বিজনেস ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক ড. মোঃ হাছান উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা বিকাশে বিজনেস ক্লাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ক্লাবকে আরও গতিশীল ও সময়োপযোগী সংগঠনে রূপ দিতে চাই।”

