বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে রাবার বাগান থেকে তিন শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুসতইল্লা পাহাড় এলাকার আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত এই অপহরণ ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ থেকে ১৫ জনের একটি দল রাতে স্টাফ কোয়ার্টারে ঢুকে অস্ত্রের মুখে ১৩ জন ঘুমন্ত শ্রমিককে জিম্মি করে ফেলে। পরে তিনজন শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা।
অপহৃতরা হলেন— মো. নুরুল ইসলাম (২৪), এনামুল হক (২৮) এবং হাসান (২০)।
এ সময় দুর্বৃত্তরা বাগান কোয়ার্টার থেকে ৫টি মোবাইল ফোন, ২টি দা ও ৩টি টর্চলাইটও নিয়ে যায় বলে জানা গেছে।
বাগানের এক শ্রমিক জানান, “হঠাৎ রাতে দরজা খুলতেই তারা অস্ত্র দেখিয়ে আমাদের ভয় দেখায়। আমরা কিছুই করতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম চৌধুরী জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।”
এদিকে একই এলাকায় এর আগেও অপহরণের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত অপহৃতদের উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

