মোঃ শরিফ বিল্লাহ, উপজেলা প্রতিনিধি:
নীলফামারী জেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উদ্দীন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বন বিভাগ, বিজিবি ডাঙাপাড়া ক্যাম্প, চিলাহাটি তদন্ত ফাঁড়ি পুলিশ এবং র্যাব নীলফামারীর সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানে গোসাইগঞ্জ বন বিটের সরকারি গেজেটভুক্ত ৪৬৮৭ নং দাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি মহেন্দ্র গাড়ি এবং একটি মহেন্দ্র গাড়ির ডালা জব্দ করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত মালামাল সরকারি বিধি অনুযায়ী নিলামে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উদ্দীন গণমাধ্যমকে জানান, গোসাইগঞ্জ বনাঞ্চলের সরকারি সম্পদ রক্ষা ও পুনরুদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


