কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর থেকে পশ্চিম আব্দুল্লাহপুর পর্যন্ত কাঁচা রাস্তার আরসিসি ঢালাই কাজ দখল জটিলতায় বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয়দের চরম ভোগান্তি দেখা দিয়েছে।
জানা যায়, এম.আর.আর.আই.ডি.পি প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১১৬০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই সড়কের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২৫ সালের ৮ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার আগেই রাস্তাটির দুই পাশে অবৈধ দখল থাকায় কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদার সূত্রে জানা গেছে, রাস্তাটির প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হলেও পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়ায় এসে দখল সমস্যার কারণে কাজ স্থগিত করতে বাধ্য হয় তারা। স্থানীয় কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার অনুরোধ ও চাপ সত্ত্বেও কিছু ব্যক্তি সরকারি রাস্তার জায়গা দখলমুক্ত করছেন না। এতে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।
অন্যদিকে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থসংকটের কারণে তারা এখনই ঘর সরাতে পারছেন না এবং কিছু সময় প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জানান, রাস্তার সাইট সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণকাজ পুনরায় শুরু করা সম্ভব নয়। সমস্যা সমাধান হলেই কাজ আবার শুরু হবে বলে তিনি জানান।
এদিকে সড়কটি বন্ধ থাকায় স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

