ডিজেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে অনুমোদনহীনভাবে বাসভাড়া বাড়ানো থেকে বিরত থাকতে পরিবহণ মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আনুষ্ঠানিকভাবে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এ নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
তবে একইসঙ্গে পরিবহণ খাতের বাড়তি চাপের বিষয়টিও তুলে ধরা হয়েছে। সমিতির ভাষ্য অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের উচ্চমূল্যের কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়েছে কয়েকগুণ।
এ পরিস্থিতিতে খাতটিকে টেকসই রাখতে দ্রুত বাস্তবসম্মত ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিক সমিতি।

