আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ছাত্রশিবির। পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ উদ্যোগ নেওয়া হয়।
মোগড়া ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে স্থাপিত হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের কলম বিতরণ করা হয়। পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য খাবার পানি, ওরস্যালাইন ও বসার চেয়ার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়। এছাড়া ইসলামী বই পড়ার ব্যবস্থাও রাখা হয়।
জানা গেছে, মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কেন্দ্রের নির্ধারিত দূরত্ব বজায় রেখে অস্থায়ীভাবে এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়। শিক্ষার্থীদের আসন বিন্যাস, কক্ষ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়েও সহায়তা করা হয়।
পরীক্ষার্থী ও অভিভাবকদের কেউ কেউ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
মোগড়া ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ হাসান বলেন, প্রচণ্ড গরম ও পরীক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় সীমিত সামর্থ্যের মধ্যেই এ সহায়তা কার্যক্রম চালানো হয়েছে।
অন্যদিকে স্থানীয় কয়েকজন অভিভাবকও বসার জায়গা ও পানির ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন।

