মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষা চলাকালে দুইটি কেন্দ্র ঝটিকা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর কোনো প্রটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল বলে জানা গেছে। পূর্ব ঘোষণা ছাড়াই এ পরিদর্শনের কারণে স্থানীয় প্রশাসন ও পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্টরা আগে থেকে কিছু জানতে পারেননি।
পরিদর্শনকালে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কক্ষের পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। এরপর তিনি সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান এবং সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান করে ৬টি কক্ষ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, ওসি মাজহারুল ইসলাম এবং কেন্দ্র সচিব মাহফুজুল আলম।

