সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে একটি জরাজীর্ণ ভবনের ছাদের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের একটি কক্ষে শিক্ষার্থীরা মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা ও একাংশ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ছাদের অংশটি শিক্ষার্থীদের বসার জায়গার খুব কাছেই পড়লেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওই কক্ষের পরীক্ষা স্থগিত করা হয়।
জানা গেছে,দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানেই পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চালানো হচ্ছিল। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
ঘটনার সময় কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু ও সদস্য সচিব সাইফুর রহমান কেন্দ্র পরিদর্শনে গেলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকার তাদের বিষয়টি জানান। পরে তারা মুঠোফোনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলামকে অবহিত করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ভবন নির্মাণের প্রস্তাবও তুলে ধরা হয়।
উল্লেখ্য,চলতি বছর এই বিদ্যালয়টি এসএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় অভিভাবকদের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,পরীক্ষা আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

