গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা হাট এলাকার মিশন রোডের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুল ইসলাম (৪০) নওগাঁর মহাদেবপুর উপজেলার চক মহাদেবপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি স্ত্রীসহ ওই ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার রাতে কাজ শেষে বাসায় ফেরেন নাজমুল। তবে তখন তার স্ত্রী বাসায় ছিলেন না। পরদিন সকালে বাসার অন্যরা তাকে শয়নকক্ষের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে গাইবান্ধা মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

