ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন। ঘটনাটিকে ‘জোরপূর্বক বাধা’ হিসেবে উল্লেখ করে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এখানে উত্তেজনা এড়িয়ে চলা এবং স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করার পরিবেশ তৈরি করা জরুরি।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের একটি জাহাজ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করলে সেটিকে আটক করা হয়। ঘটনাটি সামরিক অভিযানের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়।
অন্যদিকে ইরান বলছে, জাহাজটি চীন থেকে আসছিল এবং এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে তেহরান। একই সঙ্গে পাল্টা জবাবের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সব মিলিয়ে জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

