ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে দল ঘোষিত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।
সোমবার বিএনপি ঘোষিত ৩৬ জনের প্রার্থীর তালিকায় কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনের জন্য তার মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি সাক্ষাৎকারও দিয়েছিলেন। সে সময় গণমাধ্যমকে তিনি জানান, নারীদের জন্য কাজ করার লক্ষ্য থেকেই রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ তৈরি হয়েছে। তার বিশ্বাস ছিল, রাজনৈতিক প্ল্যাটফর্ম পেলে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
ঢাকায় বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা-এ দ্বিতীয় রানারআপ হন। পরবর্তীতে ২০২০ সাল থেকে নাটক ও কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিনোদন জগতে সক্রিয় আছেন তিনি।
সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে বিএনপির কার্যক্রমে অংশ নেন তিনি। তবে শেষ পর্যন্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি।

