গরমের সময় চুলের সঠিক যত্ন না নিলে রোদ, ঘাম, ধুলোবালি এবং হেয়ার স্টাইলিং টুলের কারণে চুল সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই এখন ব্যবহার করছেন হিট প্রোটেকশন সিরাম।
এটি চুলের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা হেয়ার স্ট্রেটনার, কার্লার বা ব্লো ড্রায়ারের তাপ থেকে চুলকে কিছুটা রক্ষা করে। নিয়মিত ব্যবহার করলে চুল কম শুষ্ক হয় এবং ভাঙনও কমে।
রেড বাই আফরোজা বিউটি সেলুনের আফরোজা পারভিন জানান, ভেজা বা আধা-ভেজা চুলে স্টাইলিংয়ের আগে সামান্য সিরাম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তবে এটি স্ক্যাল্পে না লাগিয়ে চুলের মাঝামাঝি থেকে আগা পর্যন্ত লাগানো উচিত।
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের হেয়ার সিরাম পাওয়া যায়, যা শুধু তাপ থেকে সুরক্ষা নয়, বরং চুলকে মসৃণ করা, উজ্জ্বলতা বাড়ানো এবং ফ্রিজ নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই চুলের ধরন অনুযায়ী সঠিক সিরাম নির্বাচন করা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, গরমে চুলের যত্নে শুধু শ্যাম্পু বা কন্ডিশনার যথেষ্ট নয়। হেয়ার কেয়ার রুটিনে হিট প্রোটেকশন সিরাম যোগ করা এখন প্রায় অপরিহার্য।
তবে অতিরিক্ত তাপে হেয়ার টুল ব্যবহার বা একই অংশে বারবার তাপ প্রয়োগ করলে সিরাম ব্যবহার করলেও চুলের ক্ষতি হতে পারে। তাই মাঝেমধ্যে চুলকে হিট স্টাইলিং থেকে বিরতি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সঠিক যত্ন ও নিয়মিত সিরাম ব্যবহারে গরমের সময়েও চুল রাখা যায় মসৃণ, উজ্জ্বল ও সুরক্ষিত।

