মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পল্লিমঙ্গল কর্মসূচির আওতায় বিজয়নগর শাখার আওতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। চম্পকনগর এলাকায় আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে কয়েকশত অসুস্থ ও দরিদ্র রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
জানা যায়, সোমবার ২০ এপ্রিল সকাল থেকে উপজেলার চম্পকনগরের ফতেহপুর মমশাদ চৌধুরীর বাড়ীতে, এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ফ্রী চিকিৎসা সেবায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশেষ করে সর্দি-কাশি, জ্বর, চর্মরোগ, গ্যাস্ট্রিকসহ নানান রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্পে অংশগ্রহণ করেন অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীরা। তারা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। পাশাপাশি রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, অর্থের অভাবে তারা নিয়মিত ডাক্তার দেখাতে পারেন না। এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি নিয়মিতভাবে চালু রাখা উচিত।
আয়োজকরা জানান, পল্লিমঙ্গল কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আরও বলেন, মানবিক ও সেবামূলক এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
চিকিৎসাসেবা ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পল্লিমঙ্গল কর্মসূচির স্বেচ্ছাসেবীগণ উপস্থিত থেকে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। বিকেল নাগাদ সকল নিবন্ধিত রোগীদের সেবা প্রদানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

