নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে আগুন ঝরাচ্ছেন পেসার নাহিদ রানা। নিজের প্রথম স্পেলেই টানা দুই ওভারের প্রথম বলে দুই উইকেট তুলে নিয়ে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন তিনি।
ম্যাচের শুরুতে ধীরগতিতে এগোচ্ছিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ৭ ওভারে স্কোরবোর্ডে জমা পড়ে ২৫ রান। ঠিক তখনই আক্রমণে এসে প্রথম বলেই আঘাত হানেন নাহিদ। তার লেন্থ ডেলিভারি প্যাডে লাগলে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন ফিল্ডাররা, আম্পায়ারও সাড়া দেন। ২৬ বলে ১৩ রান করে ফেরেন হেনরি নিকলস।
পরের ওভারেও একই চিত্র। প্রথম বলেই ১৪৭ কিমি গতির বাউন্সারে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দেন উইল ইয়াং। ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে সহজ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।
এই দুই দ্রুত আঘাতে চাপে পড়ে কিউইরা। ১১ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৯ রান।

