শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিকল্পিতভাবে বট ব্যবহার করে তার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তার নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে জনমনে ভুল ধারণা তৈরি করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, পরীক্ষার রুটিন প্রকাশ বা শিক্ষা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়ে যেসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
ফেল করলেই এমপিও বাতিল করা হবে—এমন দাবিকেও তিনি গুজব বলে উল্লেখ করেন। মন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।
ফেসবুককে কেন্দ্র করে এ ধরনের অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য এত বেশি ছড়াচ্ছে যে অনেক সময় বাস্তবতার চেয়ে অনলাইনের তথ্যকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

