মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চারটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের দিকে আসছে। এসব জাহাজে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল রয়েছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ট্যাংকার বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। এগুলো হলো এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু। অপরদিকে এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি জাহাজ আগামী রোববার বন্দরে পৌঁছাবে।
স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে ভিড়বে এবং পর্যায়ক্রমে খালাস কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১২ হাজার টন ডিজেলের প্রয়োজন হয়। সেই হিসাবে নতুন আসা এই চালান দেশের জ্বালানি সরবরাহে উল্লেখযোগ্য স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

