অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্বচ্ছ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে জেলা আমিরদের এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, দেশের জনগণ ইতোমধ্যে বিভিন্ন প্রক্রিয়ার বাস্তবতা সম্পর্কে অবগত। তার ভাষায়, অন্তর্বর্তী সরকার পূর্বপরিকল্পনার অংশ হিসেবে লন্ডনে গিয়ে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে—যা নিয়ে সংসদেও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শফিকুর রহমান আরও বলেন, ভবিষ্যতে ইতিহাস এই নির্বাচনী প্রক্রিয়ার মূল্যায়ন করবে। তার অভিযোগ, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
তিনি দাবি করেন, গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে এবং এতে জনগণের মতামতকে অবমূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে সরাসরি আন্দোলনের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, সংসদে বিরোধীদলের বক্তব্য উপেক্ষিত হলে রাজপথে আন্দোলন ছাড়া বিকল্প থাকে না।

