নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ১১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ সময় ধরে কঠোর প্রস্তুতি নিয়েছে টাইগাররা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) থাকা পাঁচ ক্রিকেটার ছাড়া বাকি সবাই প্রায় ২০ দিন ধরে ফিটনেস, ফিল্ডিং ও স্কিল অনুশীলনে ব্যস্ত ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষেও ভালো ফলের আশা করছে বাংলাদেশ দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, তারা সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক পরিবর্তন দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না।
সব মিলিয়ে ঘরের মাঠে শক্তিশালী কিউইদের বিপক্ষে সিরিজ ঘিরে টাইগার শিবিরে দেখা যাচ্ছে জোর প্রস্তুতি ও আত্মবিশ্বাস।

