বগুড়ার সারিয়াকান্দিতে প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) রাতে পৌর এলাকার একটি খুচরা জ্বালানি তেল বিক্রেতার গুদামে অভিযান চালিয়ে এই ডিজেল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি গুদামে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই স্থান ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দের নির্দেশ দেন। জব্দকৃত জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অভিযানে সারিয়াকান্দি থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

