সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।
বুধবার বিকেলে তাঁর একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তাঁর একান্ত সচিব জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং তাঁর শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত। তবে দীর্ঘ অসুস্থতার কারণে তাঁর শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন। মালয়েশিয়ার ওই পুনর্বাসন কেন্দ্রে তাঁর পরবর্তী পর্যায়ের এই চিকিৎসা ও ফিজিওথেরাপি সম্পন্ন করা হবে। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শারীরিক জটিলতা বাড়তে থাকায় উন্নত চিকিৎসার লক্ষ্যে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ এক মাস তাঁর চিকিৎসা চলে।
বর্ণাঢ্য রাজনৈতিক কর্মজীবনের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। বর্তমানে তিনি সংসদ সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

