কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুরাতন একটি কওমি মাদরাসার দেয়াল ভাঙার সময় ধসে পড়ে মো. সিফাত রহমান (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সিফাত ওই এলাকার মাসুম রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে অবস্থিত ‘কাশিফুল উলুম’ মাদরাসার পুরাতন দেয়াল ভাঙার কাজ চলছিল। এ সময় মিস্ত্রিদের পাশাপাশি শিক্ষার্থীদেরও কাজে লাগানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, কাজের সময় কয়েকজন শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তাদের জোর করে কাজে অংশ নিতে বাধ্য করা হয়। একপর্যায়ে দেয়ালের বড় একটি অংশ ধসে পড়ে সিফাত রহমানের ওপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর মাদরাসার দায়িত্বশীল দুই মুহতামীম আনিছুর রহমান ও আবদুল আজিজ ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা আগেই সেখান থেকে সরে যান। তিনি বলেন, শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

