জবি প্রতিনিধি:
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গ।
রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। বাঁশ, কাগজসহ দেশীয় উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভিন্ন শৈল্পিক কাঠামো ও মুখোশ। পাশাপাশি রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।
নববর্ষের প্রস্তুতি প্রসঙ্গে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান বলেন, “আমাদের মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন। এ বছর কোনো বাজেট সংকট নেই, আমাদের ভিসি স্যার সবকিছু সমন্বয় করেছেন। সামগ্রিক বিবেচনায় কিছু কাটছাঁট করতে হয়েছে, তবে আশা করছি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে।”
জকসুর সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ বলেন, “এবার পহেলা বৈশাখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্যময়ভাবে আয়োজন করা হবে। নাগরদোলাসহ পাঁচটি রাইড, বৈশাখী মেলা, কনসার্ট এবং বাংলার লোকজ সংস্কৃতির বিভিন্ন আয়োজন থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সার্বিক কাজে সহযোগিতা করেছে।”
চারুকলা অনুষদের শিক্ষার্থী রেজওয়ান বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিছুটা দেরিতে কাজ শুরু হওয়ায় এখনও কিছু কাজ বাকি রয়েছে। তবে আশা করি দ্রুতই শেষ করতে পারবো এবং সবাই মিলে বৈশাখের আনন্দ উপভোগ করতে পারবো।”

