ইরান ও ইসরায়েলের মধ্যে টানা সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতির প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামাবাদে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাত অনুযায়ী, বর্তমানে আলোচনাটি পরোক্ষভাবে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
বিবিসি জানিয়েছে, আলোচনায় দুই পক্ষই নিজেদের অবস্থান উপস্থাপন করছে। একই সঙ্গে তাসনিম নিউজের দাবি, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে এখন নিবিড় আলোচনা চলছে।
সূত্র অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু আলোচনার মূল কেন্দ্রবিন্দু। পাশাপাশি ইরানের জব্দ সম্পদ ছাড়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
এদিকে ইসলামাবাদে একদিনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
পাকিস্তানের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই সংলাপ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে আলোচনার বিস্তারিত ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

