ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চলছে বলে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়।
শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে।
ঢাকা রেঞ্জ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে কোনো থানার ওসি পদায়ন করা হয় না। এই পদায়নের পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) হাতে ন্যস্ত। পেশাগত যোগ্যতা, দক্ষতা ও মূল্যায়নের ভিত্তিতেই এ ধরনের নিয়োগ ও পদায়ন সম্পন্ন হয়।
সতর্কবার্তায় আরও বলা হয়, ডিআইজির নাম ব্যবহার করে আর্থিক লেনদেন বা পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং ফৌজদারি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
ঢাকা রেঞ্জ জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো ব্যক্তি বা চক্র শনাক্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ মানুষকে এ ধরনের প্রস্তাব বা প্রতারণামূলক যোগাযোগ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এমন কোনো তথ্য পেলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে।
ঢাকা রেঞ্জ আরও জানায়, তাদের কার্যালয় থেকে ওসি পদায়নের কোনো এখতিয়ার নেই; বরং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারই এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত।

