রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে মো: আবদুল লতিফ (৬৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হত্যার অভিযোগে মো: জসীম মুন্সি (৩৮) এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নিহত মো: আবদুল লতিফ দক্ষিণ গোড়াগাও এলাকার কলমাকান্দা উপজেলার নেত্রকোনা জেলার মৃত মো: মতিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ডের কাছে অটোরিকশা চালক মো: আবদুল লতিফ চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রাখে। এ নিয়ে রিকশা চালক আবদুল লতিফ ও জসিম মুন্সির সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের হাতাহাতির ঘটনা ঘটে। হাতাতির পর আশেপাশের লোকজন এগিয়ে এসে দুজনের সাথে মিমাংসা হয়। মিমাংসার পর চায়ের দোকানে চা খাওয়ার সময় আবদুল লতিফ বসা থেকে পড়ে যায়। পরে আশেপাশের লোকজন স্থানীয় ইউএস-বাংলা বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ সময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন বলেন,হত্যার ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ব্যাপারে জসিম মুন্সি নামে একজন আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটককৃত জসিম মুন্সি মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার আদা বাড়ি এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে।

