নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ ও এপিবিএন সিভিল টিমের যৌথ অভিযানে দুবাই থেকে আগত দুই যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ আইনবহির্ভূত মালামাল জব্দ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাতের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর BG-248 (দুবাই-সিলেট-ঢাকা) ফ্লাইটে আগত যাত্রীদের তল্লাশির সময় এসব মালামাল উদ্ধার করা হয়।
প্রথম ঘটনায় রাত প্রায় ১০টা ১০ মিনিটে সন্দেহভাজন যাত্রী মোঃ মঈন উদ্দিন (মিনাবাদ, সিলেট) কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার লাগেজ থেকে ৫৯টি গৌরি ক্রিম, ২ খলি সিগারেট,ব্যবহৃত ৪টি iPhone 12 Pro Max,৮৫টি চকলেট এবং ১২টি সিমন ক্রিম উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব মালামাল জব্দ করা হয়।
অন্যদিকে একই রাতে প্রায় ১০টা ৩০ মিনিটে একই ফ্লাইটে আগত আরেক যাত্রী মোঃ আবু সাইদ আসিফ (কাদিরপুর,কুলাউড়া, মৌলভীবাজার) কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশ কাস্টমস কর্তৃপক্ষকে তথ্য প্রদান করে। পরে তার ব্যাগেজ স্ক্যানিং করে প্রায় ৮ কেজি ইফরাক ক্রিম উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
যৌথ অভিযানে উদ্ধার হওয়া সকল মালামাল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
এ বিষয়ে ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ বলেন, বিমানবন্দরকে ব্যবহার করে অবৈধ পণ্য আনা বা পাচার রোধে এপিবিএন সর্বদা সতর্ক রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন,আইনবহির্ভূত পণ্য বহন বা পাচারের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

