মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১০তম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ প্রতিযোগী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে আগ্রহী করে তুলতে হবে।
কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয় এবং প্রাণবন্ত পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

