মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে চাকরিতে যোগ দিতে পারছেন না ৪০ হাজারেরও বেশি ফিলিপিনো কর্মী বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিপাইনের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল, লেবানন এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কাজের উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা এই কর্মীরা বর্তমানে দেশ ছাড়তে পারছেন না। ফ্লাইট স্বল্পতা ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে তাদের বিদেশ গমন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এক অভিবাসন বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে এই অঞ্চলে শ্রমিক প্রেরণের হার আরও কমে যেতে পারে।
বর্তমানে যাদের ওই অঞ্চলে যাওয়ার কথা ছিল, তাদের অনেকেই ম্যানিলার বিভিন্ন অভিবাসন কেন্দ্রের অস্থায়ী আশ্রয়স্থলে অবস্থান করছেন, আবার কেউ কেউ নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।
ফিলিপাইনের সরকার ইতোমধ্যে মধ্যপ্রাচ্য থেকে ৪ হাজারের বেশি ফিলিপিনো কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে এনেছে।
আনুমানিক দুই মিলিয়নের বেশি ফিলিপিনো বর্তমানে মধ্যপ্রাচ্যে কর্মরত, যাদের বড় অংশই উপসাগরীয় দেশগুলোতে কাজ করছেন।

