জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে নিকৃষ্ট আচরণ ‘নব্য ফ্যাসিবাদের’ ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সাওদা সুমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার একজন নারী কর্মী।
ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, সাওদা সুমির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নতুন ধরনের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। তার মতে, অতীতেও ক্ষমতাসীনরা নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবাদী কণ্ঠকে দমন করার চেষ্টা করেছে, যার পরিণতি কখনোই ইতিবাচক হয়নি।
তিনি আরও লেখেন, যারা ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করে, তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
এর আগে, ৫ এপ্রিল রাতে নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা দিয়েছে।

