লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজান (২৫) নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হযেছে।
এ খবর ছড়িয়ে পড়লে সীমান্তের ক্ষুব্ধ বাংলাদেশীরা ওই সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ ধরে করে নিয়ে আসে। এরপর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে।সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২নং পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর ১নং ওয়ার্ড সীমান্তের ডাঙ্গারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে মিজানুর সীমান্তে ২৬ নং পিলারের পাশে ভুট্টা খেতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় বিএসএফ তার কাছে ভুট্টা চাইলে সে ভুট্টা নিয়ে জিরো লাইন অক্রিম করলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেট বিদ্ধ মিজান ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে বাংলাদেশ সীমান্তে এসে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বাংলাদেশীকে গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সীমান্তের স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ ধরে করে নিয়ে আসে বলে জানা যায়। এরপর থেকে সীমান্ত বিএসএফ তাদের সংখ্যা বাড়ানোয় বাসিন্দাদের মাঝে ভয় ও আতংক বিরাজ করছে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে আটক করে। খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে জনতার হাতে আটক ভারতীয় নাগরিককে বিজিবি সদস্যরা দ্রুত হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল জোরদার করেছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

