দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রভাব সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ বা অনলাইন ক্লাস চালুর বিষয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস চালুর দিকে যাচ্ছে না মন্ত্রণালয়; বরং সশরীরে পাঠদান অব্যাহত রাখার ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি স্কুল বন্ধ করার মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্তও এখনো নেওয়া হয়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী জুন–জুলাইয়ে শিক্ষা খাতে নতুন কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলেন এবং অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও মিড-ডে মিল কর্মসূচি সম্পর্কে খোঁজ নেন।
তিনি শিক্ষকদের স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের আরও সচেতন করতে নির্দেশ দেন। একই সঙ্গে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় করেও শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্তরে অনলাইন শিক্ষা কার্যকর নয় বলে মন্ত্রণালয় মনে করে; তাই আপাতত সরাসরি ক্লাসই অগ্রাধিকার পাচ্ছে। পরিস্থিতি খারাপ হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

