ইস্টার উৎসবের বাড়তি চাপ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সংকটে পড়েছে ইতালির চারটি প্রধান বিমানবন্দর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত উড়োজাহাজে জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতা আরোপ করেছে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান এয়ার বিপি।
সোমবার (৬ এপ্রিল) ইতালির সংবাদমাধ্যম আনসা জানায়, বোলোনিয়া, মিলান লিনাতে, ট্রেভিসো ও ভেনিস বিমানবন্দরে জ্বালানি সংকটের কারণে সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি সেবা যেমন এয়ার অ্যাম্বুলেন্স, রাষ্ট্রীয় বিশেষ ফ্লাইট এবং দীর্ঘপাল্লার (তিন ঘণ্টার বেশি) ফ্লাইটগুলোকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি দেওয়া হবে। অন্যদিকে, অভ্যন্তরীণ ও সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের ক্ষেত্রে সরবরাহ সীমিত রাখা হবে নির্ধারিত সময় পর্যন্ত।
এ বিষয়ে ইতালির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান পিয়েরলুইজি ডি পালমা বলেন, ইস্টার ছুটিকে কেন্দ্র করে যাত্রী ও ফ্লাইটের চাপ বেড়ে যাওয়ায় জ্বালানির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। ওই ঘটনায় বহু প্রাণহানির পাশাপাশি পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

