উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এবং চিকিৎসক, নার্স ও প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ সভায় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, রোগীদের খাদ্যমান, চিকিৎসা ব্যবস্থাপনা এবং সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি হাসপাতালের সেবার মান বৃদ্ধি, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান উন্নয়ন, ওষুধের পর্যাপ্ততা নিশ্চিতকরণ এবং চিকিৎসা সেবার গুণগত মান আরও বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে প্রতিমন্ত্রী Amader Gram Cancer Care & Research Center পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং এর কার্যক্রমের প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও স্বল্প-সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য ক্যান্সারসহ অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কাজ করছে। কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (EMR) এবং টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর এ ধরনের তদারকি ও নির্দেশনার মাধ্যমে রামপালসহ দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে।

