প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পুরোনো বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা তৈরি করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি তারেক রহমানের আগের একটি বক্তব্য তুলে ধরে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।
পোস্টে উল্লেখ করা হয়, গত ২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন— সংকটকালে পরিবারের কাছে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি তার নিজস্ব নিয়ন্ত্রণে ছিল না। তবে কার সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করেছে, তা স্পষ্ট করা হয়নি।
এ প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার সিদ্ধান্ত যাদের প্রভাবে হয়েছে বলে ধারণা করা হচ্ছে, গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের ক্ষেত্রেও তাদের কোনো প্রভাব ছিল কি না।
তিনি আরও জানতে চান, রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কোনো প্রভাবশালী পক্ষ কাজ করছে।
পোস্টে এসব প্রশ্নের মাধ্যমে তিনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

