বাংলা নববর্ষের আগেই দেশে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা তাপপ্রবাহের তীব্রতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলা ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এর আগে শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি এপ্রিল মাসে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে মাসজুড়ে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এ সময় প্রায় সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং এক থেকে তিন দিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, আগামী এক-দুই দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে। তিনি আরও বলেন, এপ্রিলে তাপপ্রবাহ স্বাভাবিক হলেও গত বছরের মতো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

