হামের উচ্চ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দেশের ১৮টি জেলায় ৩০টি উপজেলায় জরুরি ভিত্তিতে শিশুদের হাম–রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার তালিকা অনুযায়ী অগ্রাধিকারভিত্তিতে নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।
সরকারি সূত্র জানায়, এই জরুরি কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

