রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টো পথে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত রিকশাচালক ফিরোজ আহমেদ (৫০) কদমতলীর মুরাদপুর এলাকার বাসিন্দা। তবে নিহত অপর যাত্রীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি; তার বয়স আনুমানিক ৫৫ বছর।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা পথচারী মো. খাইরুল ইসলাম জানান, তিনি একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি ট্রাককে উল্টো পথে দ্রুতগতিতে যেতে দেখেন। কিছুক্ষণ পরই ট্রাকটি সামনে থাকা একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে ট্রাকের নিচ থেকে দুইজনকে উদ্ধার করেন এবং চালককে আটক করেন।
আটকের পর চালক জানান, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। সেই ট্রাকটিকে ধাওয়া করতে গিয়েই তিনি উল্টো পথে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। অজ্ঞাত যাত্রীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

