সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২ এপ্রিল) ভোর রাতে শিশুটি মারা যায়। তার নাম সাইফাল বয়স ৮ মাস। সে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান জানান, গত কয়েকদিনে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি হয়। সাইফাল নামের ওই শিশুটিকে বুধবার বিকেল ৪টার সময় ভর্তি করা হয়। রাত তিনটার দিকে সে মারা যায়। আমরা ধারণা বা (সন্দেহ) করছি, হামের কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা তার পরীক্ষা নিরীক্ষা করাতে পারেনি। আরও ১৩ জন শিশু ভর্তি রয়েছে। আমরা তাদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি আরও জানান, ডায়রিয়া ওয়ার্ডের কয়েকটি রুম খালি করে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করা হয়েছে। প্রায় ২০ শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে।

