তালাকের আগে বিয়ে করার অভিযোগ নাকচ করে আদালতে সাক্ষ্য দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার পূর্বের স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন।
এ ঘটনায় একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব মামলা দায়ের করেন নাসির ও তামিমার বিরুদ্ধে।
পরবর্তীতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানার সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

